নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ, ল্যান্স নায়েক, পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর)
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত ইপিআরের অসীম সাহসী সৈনিক। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে তিন দিক থেকে ঘেরাও হওয়া সহযোদ্ধাদের বাঁচিয়ে নিজে গুলিবিদ্ধ অবস্থায় একাই শত্রু সেনাদলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বীরোচিতভাবে শহীদ হন।
এক নজরে
জীবনী
নূর মোহাম্মদ শেখ (ফেব্রুয়ারি ২৬, ১৯৩৬ - সেপ্টেম্বর ৫, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
১৯৭১ সালে তিনি সেক্টর ৮-এর বয়রা সাব-সেক্টরে মুক্তিবাহিনীর স্ট্যান্ডিং পেট্রোলের নেতৃত্ব দিচ্ছিলেন।
৫ সেপ্টেম্বর গোয়ালহাটি গ্রামে টহল দেওয়ার সময় পাকিস্তানি সেনারা তিন দিক থেকে অতর্কিত আক্রমণ করে। সহযোদ্ধা নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে নূর মোহাম্মদ কাঁধে তুলে এক হাতে এলএমজি চালিয়ে পিছু হটার সুযোগ করে দেন। নিজে মর্টারের গোলার আঘাতে মারাত্মক আহত হয়েও অন্য সহযোদ্ধাদের সরে যেতে বাধ্য করেন এবং একাই গুলি চালিয়ে শত্রুদের রুখে দিয়ে শাহাদাত বরণ করেন।
জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। অল্প বয়সে বাবা-মাকে হারান ফলে শৈশবেই ডানপিটে হয়ে পড়েন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সপ্তম শ্রেণীর পর আর পড়াশোনা করেননি। কৈশোরে তিনি নাটক থিয়েটার ইত্যাদি খুব পছন্দ করতেন। ১৯৫২ সালে নিজ গ্রামেরই অবস্থা সম্পন্ন কৃষক ঘরের মেয়ে তোতাল বিবিকে বিয়ে করেন। তখন তার বয়স মাত্র ১৬ বছর এবং স্ত্রী তোতাল বিবির বয়স মাত্র ১২ বছর।
যুবক নূর মোহাম্মদ শেখ ১৯৫৯-এর ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআর-এ যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।
অর্জন ও ভূমিকা
- বীরশ্রেষ্ঠ খেতাব (মরণোত্তর)
- গোয়ালহাটির যুদ্ধে সহযোদ্ধাদের রক্ষা ও একাকী শত্রু প্রতিহতকরণ