মুশফিকুর রহিম
ক্রিকেটার
মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেটকিপার।
এক নজরে
জীবনী
মোহাম্মদ মুশফিকুর রহিম (জন্ম: ৯ মে, ১৯৮৭) একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন এবং ২০১৪ পর্যন্ত ধারাবাহিকভাবে অধিনায়ক ছিলেন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক ও মাঝারিসারির ব্যাটার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন। ৪ সেপ্টেম্বর, ২০২২ তিনি আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেন এবং ২০২৫ সালের মার্চ মাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডসহ বাংলাদেশের হয়ে অনেক রেকর্ড গড়েছেন।
মুশফিকুর রহিম ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ১৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তখন তাকে একজন ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্ট ম্যাচে খেলানো হয়। ফলে তিনি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলার ইতিহাসে শচীন টেন্ডুলকরের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লেখান। এরপর থেকে তিনি ব্যাট হাতে নিয়মিতভাবে রান সংগ্রহ করতে থাকেন এবং নিজেকে একজন দক্ষ উইকেটরক্ষক হিসেবে প্রমাণ করেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক। আন্তর্জাতিক ক্রিকেটে ১১,০০০-এরও বেশি রান এবং উইকেটরক্ষক হিসেবে ৪০০টিরও বেশি ডিসমিসাল করার কৃতিত্ব তার রয়েছে।
বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের ভাষ্যমতে, "রহিমের ব্যাটিং এতটা বহুমাত্রিক যে তিনি এক থেকে ছয় পর্যন্ত যে কোন অর্ডারে খেলতে পারেন।" মুশফিক বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণীতে উত্তীর্ণ হন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র উইকেট-রক্ষক ব্যাটসম্যান, যিনি টেস্টে দুইটি ডাবল সেঞ্চুরি করেন।
অর্জন ও ভূমিকা
- সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি
- নির্ভরযোগ্য উইকেটকিপার