শেখ হাসিনা
দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তিনি ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২০২৪ সময়ে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন নীতি পরিচালনা করেছেন।
এক নজরে
জীবনী
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
১৯৮০-এর দশকে স্বৈরশাসনবিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাঁর আমলে বাংলাদেশে উল্লেখযোগ্য অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সূচক উন্নতি হয়েছে। ২০২৪ সালের গণ-আন্দোলনের পর তিনি দেশ ত্যাগ করেন।
নব্বইয়ের গণঅভ্যুত্থানে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটলে, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার কাছে পরাজিত হন, যার সাথে তিনি এরশাদের বিরুদ্ধে অন্দোলনে সহযোগিতা করেছিলেন। এরপর বিরোধীদলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা, খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনি অসততার জন্য অভিযুক্ত করে সংসদ বর্জন করেন, যার ফলে দেশে সহিংস বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। খালেদা জিয়া একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে পদত্যাগ করতে বাধ্য হন, তারপরে ১৯৯৬ সালের জুনের নির্বাচনে শেখ হাসিনা প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস পেতে শুরু করলেও, তার প্রথম মেয়াদে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, যা ২০০১ সালের জুলাইয়ের নির্বাচনে খালেদার কাছে তার নির্বাচনি পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছিল। স্বাধীন দেশ হওয়ার পর এটিই ছিল বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম পূর্ণ পাঁচ বছরের মেয়াদ।
২০০৬-০৮ সালের রাজনৈতিক সংকটের সময়, শেখ হাসিনা গ্রেপ্তার হন। জেল থেকে মুক্তি পাওয়ার পর, তিনি ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি তৃতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন যা বিএনপি বর্জন করেছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা সমালোচিত হয়েছিল। ২০১৭ সালে, প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারে গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার পরে, হাসিনা তাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বিশ্বব্যাপী কৃতিত্ব এবং প্রশংসা পেয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি চতুর্থ মেয়াদে জয়লাভ করেছিলেন, যেটি সহিংসতাপূর্ণ একটি নির্বাচন ছিল এবং ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত বলে সমালোচিত হয়েছিল। ২০২৪ সালে নির্বাচনের পর তিনি পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হন।
২০২০-এর দশক থেকে শুরু করে, প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে বাংলাদেশ গণতান্ত্রিক পশ্চাদপসরণ পরিস্থিতির বিরাজ করেছে বলে মনে করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ তার সরকারের অধীনে সংঘটিত ব্যাপক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নথিভুক্ত করেছে। তার মতামতকে চ্যালেঞ্জ করার জন্য অনেক রাজনীতিবিদ এবং সাংবাদিককে নিয়মতান্ত্রিক এবং বিচারিকভাবে শাস্তির আওতায় আনা হয়েছে। ২০২১ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডারস, ২০১৪ সাল থেকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রোধ করার জন্য হাসিনার গণমাধ্যম নীতির একটি নেতিবাচক মূল্যায়ন প্রকাশ করে। অভ্যন্তরীণভাবে, প্রায়ই বাংলাদেশের সার্বভৌমত্বের মূল্যে, হাসিনাকে ভারতের বন্ধু সরকার বলে সমালোচনা করা হয়। তাকে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়, সমালোচকরা যা হাসিনার ক্ষমতার প্রধান উৎস হিসেবে মনে করেন।
২০১৮ সালে হাসিনা টাইম পত্রিকার বিশ্বের ১০০ সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে ছিলেন, এবং ২০১৫, ২০১৮ এবং ২০২২ সালে ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর একজন হিসাবে তাকে তালিকাভুক্ত করা হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফরেইন পলিসি নামক সাময়িকীর করা বিশ্বব্যাপী শীর্ষ ১০০ বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় হাসিনা স্থান করে নিয়েছেন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য, যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন মহিলা সরকারপ্রধান।
অর্জন ও ভূমিকা
- ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি
- দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী (১৯৯৬–২০০১, ২০০৯–২০২৪)
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের নেতৃত্ব
- ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের রূপকল্প