তামিম ইকবাল
ক্রিকেটার
তামিম ইকবাল বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সফলতম ওয়ানডে ব্যাটসম্যানদের একজন।
এক নজরে
জীবনী
তামিম ইকবাল খান (জন্ম ২০ মার্চ ১৯৮৯) হলেন একজন সাবেক বাংলাদেশী ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। ২০০৭ সালে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশী হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন। ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশী হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং সেই সাথে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম সনাথ জয়াসুরিয়ার করা ২৫১৪ রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান।
তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বাধিক রান করেছেন এবং দলের অধিনায়ক ছিলেন।
২০১১ সালে তামিম ইকবাল উইজেন ক্রিকেটার্স অ্যালামন্যাক এ বর্ষসেরা ৪ ক্রিকেটারের মধ্যে অন্যতম ও ২য় বাংলাদেশী হিসেবে উইজডেন এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দল এর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকেন। তামিম ইকবালই একক বাংলাদেশী হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০টি সেঞ্চুরির অধিকারী।
বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়। তিনি ২য় বাংলাদেশী হিসেবে টেস্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রেকর্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার ২০০তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন।
২০২০ সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশী হিসেবে ২০১৯-২০ বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্টে ইস্ট জোন টিমের হয়ে ১ম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন। ২০২২ সালের জুলাইয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৩ সালের ৬ জুলাই তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ঠিক তার পরের দিন, বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশের সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার সাথে করা একটি বৈঠকের পরে তিনি আশ্চর্যজনকভাবে তার অবসরের সিদ্ধান্তটি ফিরিয়ে দেন এবং খেলা চালিয়ে যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন।
তামিম পুনরায় ২০২৫ সালের ১০ জানুয়ারি, সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
অর্জন ও ভূমিকা
- সর্বোচ্চ ওয়ানডে রান
- সেঞ্চুরির রেকর্ড