কবিতা১৯১০
চিত্ত যেথা ভয়শূন্য (প্রার্থনা ও মুক্তি)
গীতাঞ্জলির জগদ্বিখ্যাত কবিতা। সত্যের মহিমা, জ্ঞানালোক এবং সংকীর্ণ ভেদাভেদমুক্ত স্বাধীন মুক্তবুদ্ধির প্রার্থনা। সম্পূর্ণ উন্মুক্ত পাঠ।
✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|প্রামাণ্য পাঠ
এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতোপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা—
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত॥
— রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১০)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন