Bangladesh Archive LogoBangladesh Archive
Back to Author
Poem1957

Abar Asibo Fire (Rupasi Bangla)

✨ Open Library (Public Domain)|Verified text

This work is in the public domain. You may read the complete, unabridged text directly without restrictions.

Source
Size:
Spacing:
Font:
Theme:
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায় হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে; হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; হয়তো বা হাঁস হব—কিশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়; হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে; হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে; হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়;—রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে—
— Jibanananda Das (1957)Bangladesh Archive Literature

Digital Archive & Original Edition

The archival scans and source pages are preserved on Wikisource / public archives.

View on Wikisource