Research Essay
গোপীচন্দ্র
"গোপীচন্দ্র" by Dinesh Chandra Sen — full public-domain text from Bengali Wikisource.
✨ Open Library (Public Domain)|বাংলা উইকিসংকলন (bn.wikisource.org), Public Domain / CC BY-SA
This work is in the public domain. You may read the complete, unabridged text directly without restrictions.
Size:
Spacing:
Font:
Theme:
গোপীচন্দ্র
দ্বিতীয় খণ্ড
গোপীচন্দ্রের গান
উত্তর-বঙ্গে সংগৃহীত
২য় ভাগ
শ্রীবিশ্বেশ্বর ভট্টাচার্য্য
(গান সঙ্কলয়িতা)
শ্রীদীনেশচন্দ্র সেন
এবং
শ্রীবসন্তরঞ্জন রায়
সম্পাদিত
কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত
১৯২৪
PRINTED BY BHUPENDRALAL BANERJEE
AT THE CALCUTTA UNIVERSITY PRESS, SENATE HOUSE, CALCUTTA.
Reg. No. 1052, August, 24.—250.
বিষয়-সূচী
[“গোপীচন্দ্রের গান”
প্রথম খণ্ড দ্রষ্টব্য।]
মুখবন্ধ
১৮৭৮ খৃঃ অব্দে সার জর্জ গ্রীয়ারসন সাহেব সর্ব্ব প্রথম “ময়নামতীর” এক পালা গান সংগ্রহ করিয়া এসিয়াটিক সোসাইটির জারনেলে প্রকাশিত করেন। ১৮৯৬ খৃঃ অব্দে “বঙ্গ ভাষা ও সাহিত্য” পুস্তকে আমি এই গানের কতকটা উদ্ধৃত করিয়া তৎসম্বন্ধে আলোচনা করিয়াছিলাম। আজ প্রায় ১৬।১৭ বৎসর হইল শ্রীযুক্ত বিশ্বেশ্বর ভট্টাচার্য্য মহাশয় রংপুর নীলফামারির সবডিভিসনাল আফিসরের পদে প্রতিষ্ঠিত থাকিয়া “ময়নামতীর গানের” আর একটি পাঠ সংগ্রহ করেন;—১৩১৫ বাং সনের “সাহিত্যপরিষৎ পত্রিকায়” উহার পরিচয় প্রকাশিত হয়। ভবানী দাস নামক কবি “গোপীচাঁদের পাঁচালী” নামে ময়নামতীর গানেরই বিষয় লইয়া অনুমান দুই শত বৎসর পূর্ব্বে একখানি কাব্য রচনা করেন। চারিখানি প্রাচীন পুথির পাঠ মিলাইয়া শ্রীযুক্ত আব্দুল করিম সাহেব চাটগাঁ হইতে এই ভবানী দাস বিরচিত “গোপীচাঁদের গানের একখানি খসড়া তৈরী করিয়া তাহা প্রকাশ করিবার জন্য বিশ্ববিদ্যালয়কে প্রদান করিয়াছিলেন। বর্তমান সংস্করণে শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় মহাশয় মুন্সী সাহেবের পাঠ হইতে বহুল পরিমাণে সাহায্য গ্রহণ করিয়াছেন। দুর্লভমল্লিক নামক জনৈক কবি ময়নামতী সম্বন্ধে সম্ভবত সপ্তদশ শতাব্দিতে একটি গান রচনা করিয়াছিলেন, এবং প্রায় দুইশত বৎসর হইল সিন্দুর-কুসুমীগ্রামনিবাসী সুকুর মামুদ নামক আর এক কবি “যোগীর পুথি” নামে এই ময়নামতী-গোপীচন্দ্র সংক্রান্ত আর একটি সুবিস্তৃত গান রচনা করেন। মদ্রচিত “বঙ্গসাহিত্য পরিচয়ে” এই সকল পুস্তকের কোন কোনটি হইতে রচনার নমুনা উদ্ধৃত করা হইয়াছে। শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী ও শ্রীযুক্ত শিবচন্দ্র শীল ময়নামতীর প্রাচীন গানের নূতন সংস্করণ প্রকাশ করিয়াছেন। বিশ্ববিদ্যালয়ের এম, এ ক্লাসে “ময়নামতীর গান" পাঠ্য হওয়াতে শিক্ষিত সম্প্রদায়ের দৃষ্টি এই গান গুলির প্রতি বিশেষরূপে আকৃষ্ট হইয়াছে।
হিন্দু এবং মুসলমান কবি ও শ্রোতারা প্রায় সাত শত বৎসর যাবৎ এই গোপীচন্দ্রের গান বাঙ্গলা দেশে রক্ষা করিয়া আসিয়াছেন। এই গানের প্রভাব এক সময় এত বেশী ছিল যে আসমুদ্র হিমাচল পর্য্যন্ত এই মহাপ্রদেশের লোকবৃন্দ বঙ্গের রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস কাহিনী শুনিয়া করুণ রসে বিগলিত হইতেন। ভাগলপুর, পাঞ্জাব, উড়িষ্যা, মহারাষ্ট্র প্রভৃতি প্রদেশগুলিতে এখনও গোপীচন্দ্রের গান শোনা যায়;—এখনও মহারাষ্ট্র রঙ্গমঞ্চে গোপীচন্দ্রের সন্ন্যাস অভিনিত হয়,—এখনও উষ্ণীশধারী, গোপীযন্ত্র হস্তে শত শত উত্তর পশ্চিমের গায়ক “গোপীচন্দ্রের গান” গাইয়া জীবিকা অর্জ্জন করে। সেদিনও রাজ-চিত্রকর রবিবর্ম্মা “গোপীচন্দ্রের সন্ন্যাসের” চিত্র আঁকিয়া বঙ্গাধিপকে ভারতবর্ষের সর্ব্বত্র পুনরায় সুপরিচিত করিয়া দিয়াছেন। উড়িষ্যা হইতে ময়নামতী গানের বিস্তৃত পুথি পাওয়া গিয়াছে। বঙ্গাধিপ গোবিন্দচন্দ্র সামান্য লোক ছিলেন না, যদিও গ্রাম্য কবিরা তাঁহাদের সংকীর্ণ ও অমার্জ্জিত কল্পনা দ্বারা ইহার অতুল ঐশ্বর্য্য আয়ত্ব করিতে না পারিয়া ইঁহাকে কেহ বা “বোল দণ্ডের” রাজা করিয়াছেন, কেহবা ইঁহার পৈত্রিক “সরুয়া নলের বেড়ার” প্রশংসা করিয়াছেন তথাপি ঐতিহাসিক গোবিন্দ চন্দ্র বা গোপীচন্দ্র যে ভারতবর্ষের একজন নৃপতি-শিরোমণি ছিলেন, তৎসম্বন্ধে সন্দেহ নাই। ত্রিপুরার ইতিহাস রাজমালা লেখক রাজা-ধন্যমাণিক্যের যে বিস্তৃত বিবরণ দিয়াছেন, তাহাতে দেখা যায় গৌড়াধিপ হুসেন সাহা বহুবার তাঁহার পাঠান সেনানায়কগণকে ত্রিপুর বিজয়ের অভিযানে পাঠাইয়াও ঐ রাজ্য দখল করিতে পারেন নাই, বারংবার পাঠানেরা ধন্যমাণিক্যের সেনাপতি চয়চাগের হস্তে পরাস্ত হইয়াছিলেন, এমন কি এক জন প্রধান পাঠান সেনাপতিকে চয়চাগ কালী মন্দিরে বলি দিয়া গৌরেশ্বরকে বিপর্য্যস্ত করিয়া ছিলেন। কিন্তু ছুটি খাঁ নামক পাঠান সেনাপতির স্তাবক-কবি শ্রীকরণ নন্দী তাহার মুরব্বির সম্বন্ধে লিখিয়াছিলেন:―
“ত্রিপুর নৃপতি যার ডরে এড়ে দেশ।
পর্ব্বত গহ্বরে গিয়া করিল প্রবেশ॥”
সর্ব্ব দেশের ইতিহাসেই জয়-পরাজয় লইয়া দুই পক্ষের এইরূপ সত্যবিরোধী বর্ণনা পাওয়া যায়। বঙ্গদেশ হইতে সুদূরে যাইয়া গোবিন্দ চোল স্বদেশে নিজ খ্যাতি বাড়াইবার উদ্দেশ্যে স্বীয় সভাকবির দ্বারা যদি বঙ্গজয় ঘোষণা করাইয়া থাকেন, তাহাতে আশ্চর্য্যের বিষয় কিছুই নাই। সুতরাং তিরুমলয়ের লিপিকারের উক্তি সম্বন্ধে আমরা আস্থাবান্ হইতে পারিতেছি না। বিশ্বেশ্বর বাবু, আমি এবং বসন্ত বাবু তিনজনে মিলিয়া গোপীচন্দের ঐতিহাসিক বৃত্তান্ত সম্বন্ধে অনেক আলোচনা করিয়াছি―তাহার ফলাফল বিশ্বেশ্বর বাবু নিরপেক্ষ ভাবে তৎরচিত ভূমিকায় লিখিয়াছেন—নানারূপ গ্রাম্য সংস্কার, বিরুদ্ধ পাঠ ও ভ্রমপ্রমাদের মধ্য হইতে আমরা যে দুই একটি তথ্যকে ঐতিহাসিক সত্য বলিয়া গ্রহণ করিয়াছি, তন্মধ্যে প্রথমটি এই যে তিরুমলয়ের গোবিন্দ্রচন্দ্র এবং আমাদের এই গোবিন্দচন্দ্র বা গোপীচন্দ্র খুব সম্ভব এক ব্যক্তি। দ্বিতীয় কথাটি এই যে শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী মহাশয় ধাড়িচন্দ্রকে টানিয়া বুনিয়া চন্দ্রবংশের জনৈক নৃপতির নামের সঙ্গে মিলাইবার জন্য উৎকট চেষ্টা করিয়াছেন, তাঁহার সেই সিদ্ধান্তের উপর আমরা কোনরূপ আস্থা স্থাপন করিতে পারিতেছি না। কিন্তু তথাপি মহারাষ্ট্র গীতে “ত্রৈলোক্যচন্দ্র” ও দুর্ল্লভ মল্লিকের গানে “সুবর্ণচন্দ্র”―তাম্রশাসনোক্ত চন্দ্রবংশের চারিজন রাজার মধ্যে এই দুই জনের নামের ঐক্য পাইয়া আমরা গোপীচন্দ্রকে বিক্রমপুরের শ্রীচন্দ্রদেবের বংশীয় বলিয়াই মনে করিতেছি। এই কথা ভট্টশালী মহাশয়ই প্রথম বলিয়াছেন, তজ্জন্য আমরা তাকে ধন্যবাদ দিতেছি। বংশলতাসম্বন্ধে গ্রাম্য গীতে গোলমাল থাকা কিছুই আশ্চর্য্যের বিষয় নহে, এমন কি সেদিনকার নিত্যানন্দ প্রভুর বংশাবলীতে তাঁহার পিতামহের নামের পূর্ব্বে যে সকল নাম তিনটি ভিন্ন স্থান হইতে পাওয়া যাইতেছে, তাহাদের কোনটিতে মিল নাই। তথাপি ভিন্ন ভিন্ন স্থান হইতে প্রাপ্ত অতি বিরুদ্ধ উপকরণের মধ্যেও চারিটি রাজার নামের মধ্যে যখন দুইজনের নামের মিল পাইতেছি, তখন আমরা গোপীচন্দ্রকে উক্ত চন্দ্রবংশীয় রাজা বলিয়া গ্রহণ করার পক্ষপাতী। নবদ্বীপের সুবর্ণ বিহার এই বংশের সুবর্ণচন্দ্র রাজার দ্বারা নির্ম্মিত হওয়াই সম্ভবপর। স্বর্গীয় মহামহোপাধ্যায় অজিতনাথ ন্যায়রত্ন মহাশয় সুবর্ণবিহারে একটা খোদিত ইষ্টক লিপির যে তারিখ পাইয়াছিলেন তাহাও এই সিদ্ধান্তেরই অনুকূল। চারিজনের মধ্যে এই যে দুই রাজার নামের মিল পাওয়া গেল, তাহাতে আমরা অনুমান করিতে পারি বহু দূরসময়াগত প্রাচীন সংস্কারকে নানা আবর্জ্জনা ও কল্পনা বিকৃত করিয়া দিলেও দেশবাসিগণ প্রাচীন স্মৃতির খেই একবারে হারাইয়া ফেলেন নাই। বিশ্বেশ্বর বাবু তাঁহার ভূমিকায় এটিও প্রমাণ করিয়াছেন যে গোপীচন্দ্রের অনেক কীর্ত্তি উত্তর বঙ্গে থাকিলেও ত্রিপুরা-মেহেরকুলেই তাহার রাজধানী ছিল।
এই গ্রন্থের ভাষা সম্বন্ধে দুই একটি কথা লেখা দরকার। যদবধি গোবিন্দ্র চন্দ্র সন্ন্যাস গ্রহণ করিয়াছেন, তদবধি এই গান চলিয়া আসিতেছে। কোন করূণ ঘটনার প্রথমোচ্ছ্বাসেই শোক সংগীত রচিত হইয়া থাকে। আজগবী কল্পনা অনেক সময় প্রথম হইতে সুরু হইয়া থাকে। এখনও বাঙ্গালী কয়েকজন সাধু ও মহাপুরুষ সম্বন্ধে তাঁহাদের জীবিতকালে বা মৃতুর অব্যবহিত পরে যে সকল জীবনী রচিত হইয়াছে, তাহাতে আজগবি কথার অন্ত নাই। সুতরাং আজগবী কথা সমসাময়িক হইতে পারে না, তাহা অনেক পরে লিখিত হয়—আমরা এ যুক্তির পক্ষপাতী নহি। রাজার জন্য প্রথম যে বেদনা গাথার আকারে প্রকাশিত হইয়াছিল, সেই বেদনাজাত কাব্য কথা এপর্য্যন্ত পুনঃ পুনঃ আবৃত্তি হইয়া আসিতেছে। ইহা শুধু কাব্য নহে—ইহা গান, ইহা লেখা নহে—বাচনিক আবৃত্তি, সুতরাং ইহা যে গায়কের কণ্ঠে যুগে যুগে নূতন ভাষা পরিগ্রহ করিয়াছে তাহতে সন্দেহ নাই। তথাপি ইহা যে অতি প্রাচীন গানের অপেক্ষাকৃত নব সংস্করণ তাহাতে ভুল নাই। অনেক স্থলে প্রাচীন ভাষা পর্য্যন্ত অবিকৃত আছে, আর প্রায় সর্ব্বত্রই ইহাতে প্রাচীন সমাজ ও রীতিনীতির প্রতিবিম্ব পড়িয়াছে। দেব-বিগ্রহ যুগে যুগে নবকলেবর গ্রহণ করিলেও তাহাতে প্রাচীন আদর্শ অনেক সময় বজায় থাকে। এই গানও তদ্রূপ।
কি কারণে তাহা বলা যায় না, খৃষ্টীয় একাদশ ও দ্বাদশ শতাব্দীতে সমস্ত পৃথিবীময় তন্ত্র, মন্ত্র, পৈশাচিকী ক্ষমতা ও পুরোহিতগণের অদ্ভুত, অলৌকিক শক্তির প্রতি জনসাধারণের মধ্যে একটা অটল বিশ্বাস জন্মিয়াছিল। গ্যলদিগের ইতিহাসে ড্রুইড-পুরোহিতদের অদ্ভুৎ ক্ষমতার কথা লিপিবদ্ধ আছে। ড্রুইড-পুরোহিতগণ মন্ত্রবলে সমুদ্রের তিমি-তিমিঙ্গলকে ডাকিয়া ডাঙ্গায় আনিতে পারিতেন, তাঁহাদের আদেশে পর্ব্বতের মাথা হেঁট হইয়া যাইত, তাঁঁহারা অলৌকিক বুভুক্ষায় পীড়িত হইয়া অন্নকুট উদরস্থ করিয়া দুগ্ধের সবোবর পান করিতেন। এই সব গ্যালিক উপাখ্যানের সঙ্গে প্রায় তৎসময়ে বিরচিত “ময়নামতীর গান” পড়িলে উভয়ের সাদৃশ্য আশ্চর্য্যরূপে প্রতীয়মান হয়। হাড়িসিদ্ধার আদেশে ফলবন্ত বৃক্ষের শাখা নত হইয়া ফলের ডালি উপহার দিতেছে, হাড়ি সোণার খড়ম পায় দিয়া দরিয়া পার হইতেছেন, তাহার মুখের কথায় নদী-স্রোত বদ্ধ হইয়া যাইতেছে, স্বয়ং লক্ষ্মীঠাকুরাণী তাহাকে রাঁধিয়া খাওয়াইতেছেন[১]। ইহা ছাড়া আরও কত শত অদ্ভুত কাজ সে করিতেছে। গ্যালিক উপাখ্যানের গুইণবাচের পলায়নের চেষ্টা ও ময়নামতির হস্ত হইতে গোদা যমের উদ্ধারপ্রয়াস একরূপ। সেই উপাখ্যানে টুরিএন পুত্রগণেরও উক্তরূপ চেষ্টা বর্ণিত আছে। এই সাদৃশ্য এত স্পষ্ট—যে মনে হয় যেন পৃথিবীর দুই ভিন্ন প্রান্ত হইতে একই ভাবের গল্পরচকদ্বয় ডাকা ডাকি করিয়া কথা শুনাইতেছেন। “বঙ্গভাষা ও সাহিত্যে” আমি এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করিয়াছি[২]। গ্যালিক উপাখ্যানের পুরোহিতগণ “হাড়ে মাংসে জোড়া লাগুক”—বলিয়া মন্ত্র পড়িলে, খণ্ডখণ্ডকৃত মৃতদেহ জোড়া লাগিয়া পুনর্জীবিত হইত। আমাদের “ময়নামতী গানের” ন্যায় অনেক বাঙ্গলা কথাসাহিত্যে মন্ত্রের এইরূপ অদ্ভুত ক্ষমতার পরিচয় আছে। “গোপীচাঁদের পাঁচালীতে” এইরূপ মৃত দেহে জীবন সঞ্চারের কথা আছে (৩৭৪ পৃঃ)[৩]। একাদশ ও দ্বাদশ শতাব্দীর লৌকিক সাহিত্যে ডাইনী, পুরোহিত ও সিদ্ধাগণের এই অলৌকিক শক্তির কথা পৃথিবীর অনেক স্থলেই পরিদৃষ্ট হয়।
“ময়নামতীর গান” যখন প্রথম বিরচিত হয়, তখন বঙ্গভাষার উপর সংস্কৃতের প্রভাব আদৌ পড়ে নাই। যদি কেহ মনে করেন, নিরক্ষর নিম্ন শ্রেণীর লোক যাহা রচনা করিয়াছে তাহাতে সংস্কৃতের প্রভাব থাকিবে কিরূপে? শুধু এই যুক্তি বলে “ময়নামতীর গানের” প্রাচীনত্ব নির্দ্ধারণ সমীচিন নহে।
কিন্তু এই গান যে সংস্কৃত-প্রভাব চিহ্নিত যুগের পূর্ব্ববর্ত্তী তাহা অন্য প্রমাণাভাবে শুধু ভাষার প্রমাণেই স্থির করিতে পারা যাইত। সংস্কৃত যুগের নাপিত, ধোপা, মুচি, ডোম প্রভৃতি নিম্নশ্রেণীর বহু কবির রচনা পাওয়া গিয়াছে—তাহাদের লেখা সংস্কৃতের প্রভাব এড়ায় নাই। নিরক্ষর মূর্খ চাষীর রচিত গান পড়ুন—তাহার প্রমাণ পাইবেন। খুব উদ্ভট রকমের হইলেও সংস্কৃত উৎপ্রেক্ষা, উপমা ও যমক অলঙ্কারের বাহুল্য চাষীদের কাব্যেও পাওয়া যায়। সংস্কৃত যুগে লিখিত বঙ্গভাষাকে এতটা সংস্কৃতের অনুযায়ী গড়ন দিয়া তৈরী করা হইয়াছিল যে অশিক্ষিত কবিগণও সেই সংস্কৃত বহুল ভাষা ব্যবহার করিয়াছে। তিলফুলের সঙ্গে নাকের, গজগতির সঙ্গে পাদক্ষেপের, পক্ব বিম্বের সহিত অধরের উপমা চাষীরাও দিতে ছাড়ে নাই। কেষ্টামুচির গানেও বিশুদ্ধ সংস্কৃত শব্দ ও উপমার নৈপুণ্য দেখা যায়। “ময়নামতীর গান” পড়িলে স্পষ্টই বোঝা যায় যে সংস্কৃত-যুগের বাঙ্গলা হইতে এই বাঙ্গলা ভিন্ন—ইহা পূর্ব্ববর্ত্তী যুগের প্রাকৃত-প্রধান বাঙ্গলা। এই ময়নামতীর গানের সঙ্গে গোরক্ষ-বিজয়, শূন্যপুরাণ, কতকগুলি প্রাচীন ব্রত-কথা, লক্ষ্মী ও সুষ্যের ছড়া, ডাক ও খনার বচন, ভাষা ও ভাব হিসাবে এক পংক্তিতে স্থান পাইবার যোগ্য। এই রচনাগুলিকে শুধু সময়ের পৌর্ব্বাপষ্য অনুসারে বিচার করা যুক্তিযুক্ত নহে। ফয়জুল্লা কিম্বা সুকুর মামুদের রচনা হয়ত দুই তিন শত বৎসরের অধিক প্রাচীন নহে। কিন্তু তথাপি তাহাদের রচনা সংস্কৃত পূর্ব্বযুগের অনুবর্ত্তী; তাহাদের ভাব, ভাষা ও গড়ণ সংস্কৃত যুগের নহে, তৎপূর্ব্ব যুগের। এখনও যেরূপ পাড়গেঁয়ে কবি গণেশ-বন্দনা মুখপাত করিয়া প্রহ্লাদ চরিত্র রচনা করিতে বসিয়া যায়—বঙ্কিম-রবীন্দ্র প্রতিভান্বিত বাঙ্গলার সে কোন ধার ধারে না, কাশীদাসের যুগই তাহার আদর্শ রহিয়াছে—যে পরিবর্ত্তন এই কয়েক শতাব্দী যাবৎ বাঙ্গলা ভাষার উপর খেলিয়া গিয়াছে, সেই গ্রাম্য কবি তাহার কোন খবরই রাখে না,—সেইরূপ এই ময়নামতী বা গোপীচন্দ্রের গান রচকগণের অনেকেই অপেক্ষাকৃত আধুনিক কালে জন্মিলেও তাহারা সেই প্রাচীন যুগের ভাব ও ভাষার আদর্শটা ধরিয়া বসিয়া আছে, সংস্কৃতের প্রভাব তাহারা অগ্রাহ্য করিয়াছে—পৌরাণিক হিন্দুধর্ম্মকে তাহারা গ্রহণ করে নাই, অথবা হিন্দু ধর্ম্মের নব উত্থান তাহাদের দোর পর্যন্ত পৌঁছায় নাই।
সম্প্রতি যে ময়মনসিংহ গীতিকা গুলি আবিষ্কৃত হইয়াছে, তাহার আদর্শ ও সেই প্রাচীন যুগের। যদিও এই গীতিকাগুলি ৩।৪ শত বৎসরের ঊর্দ্ধকালের নহে, তথাপি ইহাদের ভাব ও ভাষা—সংস্কৃত-পূর্ব্ব যুগের।—ইহাদের রচনাকালে বঙ্গের নানা প্রদেশে ভাষার যুগ উল্টিয়া গিয়াছিল, “মুখরুচি কত শুচি”, “অগ্নি অংশু যেন প্রাংশু”, “বিলোলিত পতি আতিরসভাষে।”—প্রভৃতি সংস্কৃত শব্দের দীপ্তিতে যখন বঙ্গসাহিত্যের একদিক উজ্জ্বল হইয়া উঠিয়াছিল, তখনও পূর্ব যুগের প্রভাব স্বীকার করিয়া এই গীতিকা লেখকগণ,
“গায়ের পাছে আন্ধ্যাপুকুর ঝড়ে জঙ্গলে ঘেরা।
চাইর দিকে কলাগাছ মান্দার গাছের বেড়া”॥
প্রভৃতি ভাষায় কবিতা লিখিতেছিলেন। ইঁহারা বঙ্গসাহিত্যের “পটো”,—এপর্য্যন্ত আর্টস্কুলের পড়ুয়াগণ পটোকে অগ্রাহ্য করিয়া আসিতেছিলেন। সম্প্রতি অবনীবাবুর চিত্রশালার নূতন চিত্রকরগণ যেমন “পটো” দিগকে খুঁজিতেছেন, আমরাও ভাষা-ক্ষেত্রে তেমনই এই হেলে চাষীদিগকে খুঁজিতেছি। বঙ্গভাষার এই সংস্কৃত পূর্ব্ব-যুগ, হেলে চাষী ও কামার কুমারের যুগ। আমরা কিন্তু ব্রাহ্মণ্য-যুগ অপেক্ষা এই হেলে চাষীর যুগের বেশী পক্ষপাতী।
এই যুগে সাহিত্যের কয়েকটা লক্ষণ আছে, সেই পরীক্ষায় ফেলিয়া ইহাদের পরিচয় পাওয়া যায়। এই সাহিত্যের সর্ব্বত্র এক ঘটনার পরে অপর এক ঘটনা বর্ণনা করিতে গেলে, “কোন্ কাম করিল” এই ছত্রটি থাকা চাই:—এই যুগের সমস্ত কাব্যে এই মুদ্র-দোষটি আছে। রূপবর্ণনা করিতে গেলে উপমা না দিয়া প্রায়ই জিনিষটা কেমন তাহা বুঝাইবার চেষ্টা আছে, “মেঘের বরণ কন্যার পায়েতে লুটায়” (মলুয়া)—মানে দীঘল চুল। এই সাহিত্যের অন্যতম শাখা গোপীচন্দ্রের গানে আছে—
“যেমন রূপ আছে রাজার পায়ের উপর।
তেমন রূপ নাই তোমার মুখের উপর”॥
রূপ-কথার একটিতে আছে,—
“আঝুরে ঘুমায় কন্যা আলু থালু বেশ।
সারাটি পালঙ্ক জুড়ি আছে কন্যার দীঘল মাথার কেশ॥”
সংস্কৃত-যুগে এই চুলের সমৃদ্ধি বুঝাইতে কালসর্প, “কলঙ্ক চাঁদার” প্রভৃতি কত উৎপ্রেক্ষার ছড়াছড়ি পড়িত। তারপর,—কথা বলিবার একটা নির্দ্দিষ্ট ভঙ্গী এই সকল কবিতায় পাওয়া যায়, যদ্দ্বারা ইহাদের আদর্শের একত্ব প্রতিপাদিত হয়। কি গোরক্ষ বিজয়, কি ময়নামতীর গান, কি রূপ-কথা,—সর্ব্বত্র, “প্রদীপ নিবিলে তৈল দিয়া কি হইবে? জল চলিয়া গেলে আইল বাঁধিলে কি হইবে?—ইত্যাদি ধরণের আক্ষেপোক্তি আছে—অবশ্য সংস্কৃত উদ্ভট কবিতা খুঁজিলে “নির্ব্বাণ দীপে কিমু তৈল দানং” প্রভৃতি কথা পাওয়া যায়। কিন্তু আমার বিশ্বাস প্রাচীন বাঙ্গলা কবিতা হইতে এইরূপ সংস্কৃত উদ্ভট সৃষ্ট হইয়াছিল। তৃতীয়তঃ কোথায় গোপীচন্দ্রের গান আর কোথায় ময়মনসিংহ গীতিকা?—কিন্তু ইহারা দুই ভিন্ন জগতের কথা হইলে অনেক কথা ছত্রে ছত্রে মিলিয়া যায়—ময়মনসিংহ গীতিকার মলুয়ায় ৮০ পৃঃ (২১-২৬) পংক্তি ও আমাদের এই গোপীচন্দ্রের ৯৭ পৃঃ ৬৭৫-৭৬ পংক্তি মিলাইয়া পড়ুন। গোপীচন্দ্রের গানের সন্ন্যাস খণ্ডে ৫৫ পৃষ্ঠার সঙ্গে মনসার ভাসানে (বঙ্গসাহিত্য পরিচয়) ২৮৮ পৃষ্ঠার বর্ণনারও সেইরূপ বিশেষ ঐক্য দৃষ্ট হয়।[৪] তাহা ছাড়া এই যুগের প্রধান চিহ্ন ও যুগলক্ষণ এই যে এই কবিতা গুলির কোনটিই সংস্কৃত টোলের ধার ধারে না, ইহারা সহর বা নগরের সভ্যতাকে আমল দেয় নাই, ইহারা ভাষা-পল্লব দিয়া ভাবকে লুকাইবার ফন্দি জানেনা, যে কথার কাণাকড়ির মূল্য নাই তাহা গিল্টি করিয়া সাজাইয়া দেখাইবার চেষ্টা করে না—সাহিত্যের সভ্যতা-ভব্যতার ইহারা বড় ধার ধারে না,—জননী ও জন্মভূমি ইহাদিগকে যে ভাষা শিখাইয়াছে তাহা ছাড়িয়া দিয়া পুঁথি লিখিবার সময় অভিধানের বুলি আওড়ায় নাই—ইহারা যে ছবি আঁকে তাহা অতি স্পষ্ট, তাহা বাঙ্গলামায়ের ঘোমটা খুলিয়া তাঁহার স্নেহার্দ্র্য মুখ খানি দেখাইয়া প্রাণ জুড়াইয়া দেয়, পয়ার ও লাচাড়ি ছাড়া ইহারা আর কোন ছন্দের বড় খবর রাখে না। এইরূপ লক্ষণাক্রান্ত কবিতা গুলির শিরোভূষণ ময়মনসিংহের গীতিকা—জঙ্গলে ঢুকিয়া কাঠুরিয়া যেরূপ মাণিক পাইয়াছিল, আমার প্রাচীন সাহিত্যের জঙ্গলের মধ্যে তেমনই এই অমূল্য রত্ন কুড়াইয়া পাইয়াছি। বাঙ্গালার কুঁড়ে ঘরের যে কত দাম,—জগতের কোন রাজ-প্রাসাদের কাছে যে তাহা খাট নহে—এই গীত গুলি তাহা প্রমাণ করিবে।
গোপীচন্দ্রের গান গুলি ততটা মার্জিত ও সুন্দর না হইলেও তাহা বঙ্গীয় কুটীর গুলির নিখুঁত ছবি আঁকিয়া দেখাইতেছে, তাহাতে সন্দেহ নাই—অন্ততঃ এই সকল গানের কথা মাঝে মাঝে এত স্পষ্ট, এত অন্তর-ছোঁয়া, যে আধুনিক কবিরা এত সংক্ষেপে ও এত জোর দিয়া একটা কথা বুঝাইতে পারেন কি না সন্দেহ, আমরা তাহার দুই একটি উদাহরণ দিতেছি—
১। রাজা গোপীচন্দ্র ও তাঁহার ভাই খেতুয়া যে এক মায়ের দুগ্ধ খাইয়া বড় হইয়াছে,—খেতুয়া হীন কাজ করে বলিয়া যে সে অশ্রদ্ধেয় নহে—রাজা তাহা রাণীকে বুঝাইতে যাইয়া বলিতেছেন,—
“এক থোবের বাঁশ রাণী নছিবেতে ল্যাখা।
কেও হয় ফুলের সাজি কেহ হাড়ির ঝ্যাঁটা॥”
এক ঝাড়ের বাঁশ, তথাপি অদৃষ্ট গুণে কোনটাতে ফুলের সাজি তৈরী হয়, কোনটা দিয়া বা হাড়ি ঝাঁটা প্রস্তুত করে।
২। খেতুয়ার গর্ব্ব দেখিয়া এক নাপিত-প্রজা বলিতেছে,—
“ছোট লোকের ছাওয়া যদি বড় বিসই পায়।
টেড়িয়া করি পাগড়ি বাঁধে ছেঞার দিকে চায়॥”
“বাঁশের পাতার ন্যাকান ফ্যারফিরিয়া ব্যাড়ায়।”
ছোটলোকের ছেলে যদি হঠাৎ বড় বিষয়-সম্পত্তি প্রাপ্ত হয়, তবে পাগড়িটা তির্য্যক ভাবে রচনা করিয়া নিজের ছায়ার দিকে চাহিয়া দেখে কেমন দেখায়, এবং বংশ-পত্রের মতন ফর্ ফর্ করিয়া বেড়ায়।
এইরূপ নানাবিধ গ্রাম্য কথায় বক্তব্য বিষয় গুলি এরূপ চোখা ও স্পষ্ট করিয়া বলা হয়াছে—যে আধুনিক ভাষাবিৎ তাহার সমস্ত শব্দ সম্পদ লইয়া ও তদপেক্ষা তীব্র ভাবে বক্তব্যটি পরের হৃদয়ঙ্গম করাইতে পারিবেন কিনা, সন্দেহ।
এই সকল গাথায় প্রাচীন অনেক রীতি পদ্ধতির কথা জানা যায়। হিন্দুরাজত্বে যে প্রায়ই নরবলি দেওয়া হইত, তাহা শুধু গোপীচন্দ্রের গানে নহে, বঙ্গসাহিত্যের অন্যান্য স্থানেও দৃষ্ট হয়। ১৪৭৫ খৃষ্টাব্দে রচিত রাজমালা নামক ত্রিপুরার ইতিহাসে প্রায়ই এই নরবলির উল্লেখ দৃষ্ট হয়। ধন্য মাণিক্যের প্রধান সেনাপতি চয়চাগ যে হুসন সাহার জনৈক পাঠান সেনাপতিকে ত্রিপুরেশ্বরীর নিকট বলি দিয়াছিলেন, তাহা পূর্ব্বেই উল্লেখ করিয়াছি। মাণিকচন্দ্র রাজার মৃত্যু যে সকল অভিচার ক্রিয়ার ফলে ঘটয়াছিল বলিয়া কথিত আছে, রাজমালার কোন কোন স্থলে সেইরূপ অভিচার প্রক্রিয়ার বিস্তৃত বিবরণ পাওয়া যায়।
প্রাচীন ব্রাহ্মণের দরবারের বেশ ভূষার একটা চিত্র এই গানে আছে, তাহার এখানে উল্লেখ না করিয়া পারিলাম না। ব্রাহ্মণ ননারূপ ধুতি পরিতেন, সেগুলির নাম—শালকিরাণি, চটক ও মটক। অবশ্য “মটক”টা আধুনিক “মটকা”র নামান্তর, এগুলি গরদের ধুতিরই প্রকার ভেদ হইবে। “শালবন পেটুকা”—কোমর বন্ধ, এবং “চল্লিশ পাগড়ি” অর্থ চল্লিশবার পাক দিয়া যে পাগড়ী বাঁধা হয়। তাঁহার এক হস্তে অঙ্গদ ও অপর হস্তে বলয় (কোড়া = কড়া) এবং কণ্ঠে স্বর্ণমালা। তিনি যাত্রাকালে জোড়া জোড়া পৈতা গলায় পরিতেন এবং কক্ষতলে একরাশ পাঁজিপুঁথি লইয়া চলিতেন। এ চিত্র বাঙ্গালী ব্রাহ্মণের হইলেও ইহা খোট্টার দেশের ব্রহ্মণ পণ্ডিতকেই বেশী মনে করাইয়া দেয়। হিন্দু-রাজত্বকালে রাজ-সভার পদ্ধতি রীতিনীতি ও বেশভূষা অনেকটা খোট্টার দেশের মতই ছিল, তবে ৪০টা বেড় দিয়া যে পাগড়ী তৈরী করিতে হয় তাহা এই উষ্ণদেশের লোকের মাথায় বেশী দিন টেকে নাই, প্রচুর ঘৃত-নবনী ও দুগ্ধপান করিয়া উদরে অতটা আঁটাআঁটি করিয়া কোমর বন্ধটা রাখাও সুবিধাজনক হয় নাই। পশ্চিমে বড় লোকের বামুনেরাও কোমরবন্ধটা ছাড়িয়া দিয়াছেন কিন্তু চল্লিশবেড় পাগড়িটি ছাড়েন নাই, তাঁহাদের স্বর্ণ বলয় ও অঙ্গদাদি পরিবার রাতিটা এখনও আছে। কেবল পৈতাটা দরবারী গোছের না হইয়া এখন অপরিহার্য্যরূপ অঙ্গীয় হইয়া উঠিয়াছে।
মেয়েদের চুলের সৌষ্ঠবের কথা এই যুগের অনেক কাব্যেই পাওয়া যায়। ব্রহ্মদেশে ও উত্তরের পাহাড়ে দেশ যথা নেপাল, ভুটান প্রভৃতি স্থানে মেয়েদের চুল খুব ঘটা করিয়া বাঁধা হইত। এই কেশ-বন্ধন এককালে একটা উৎকৃষ্ট শিল্প ছিল। আজকালকার বঙ্গীয় চিত্রকরেরা মেয়েদের চুল-বাঁধাটার অনেক ব্যঙ্গচিত্র আঁকিয়া সংবাদপত্রে ছাপাইয়া থাকেন; কিন্তু বাঙ্গলা দেশ—এই চুল বাঁধার যে শিল্পটা হারাইয়াছে, তাহা এদেশের একটা বড় গৌরবের বিষয় ছিল। গোপীচন্দ্রের গানে চুল বাঁধিবার সেই শিল্পের প্রতি ইঙ্গিত আছে। গ্রাম্য কল্পনা এই শিল্পের বর্ণনা দিতে যাইয়া হয়ত অনেকখানি বর্বর কবিত্ব ঢুকাইয়া দিয়াছে; কিন্তু বাদ সাদ দিয়াও আমরা যে আভাষ পাই, তাহাতে মেয়েদের এই শিল্প যে একটা দর্শনীয় পদার্থ ছিল এবং ইহাতে অঙ্গনাদের কতটা ধৈর্য্যশীল মনোযোগ ও নিপুণতা প্রদর্শিত হইত, তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। সন্ন্যাস খণ্ডে ২৫৩।৫৪ পৃষ্ঠাতে এই চুল বাঁধিবার কথা আছে। হীরা নটী প্রথমত চিরুণী দিয়া চুল খুব ভাল করিয়া আঁচড়াইয়া লইল; কপাল তটে—সিঁথির গোড়ায় সে সারি সারি মুক্তা পংক্তি পরিল—সেই মুক্তার সারের নীচে ক্ষুদ্র ক্ষুদ্র নয়টি তিলক রচনা করিল, তারপর—
প্রথমতঃ “হাটে ট্যাংরা” নামক খোঁপা বাঁধিল, এই খোপার ভিতর যেন ছয় বুড়ি ছোট ছোট ছেলে খেলিতেছে—চুল বাঁধার কায়দায় এইরূপ দৃশ্য দেখা দিল; কিন্তু এ খোঁপা তাহার মনোনীত হইল না—আয়নার দিকে দৃষ্টিপাত করিয়া সে খোঁপা ভাঙ্গিয়া ফেলিল এবং দ্বিতীয়বারে—
“চ্যাং আর ব্যাং” নামক খোঁপা বাঁধিল। এই খোঁপা চুলের কায়দায় ঠিক ষোলখানি ঠ্যাং অর্থাৎ পা যেন (নায়কের দিকে) বাড়াইয়া দিল, কেহ কি জন্মিয়া এরূপ চুলের ঠ্যাং দেখিয়াছেন? কিন্তু আয়নার দিকে দৃষ্টিপাত করিয়া হীরার এ খোঁপাও পছন্দ হইল না, সে “চ্যাংব্যাং” খোঁপা ভাঙ্গিয়া ফেলিয়া তৃতীয়বারে―
“নাটি আর নটি” খোঁপা বাঁধিল, চুলের কায়দায় যেন ছয় বুড়ি পদাতিক সৈন্যের লাঠি খেলার দৃশ্য দেখা যাইতে লাগিল, কিন্তু এই লাঠিয়ালী খোঁপাও আয়নার দিকে চাহিয়া হীরা পছন্দ করিল না, সে তাহা এলাইয়া দিয়া চতুর্থবারে―
“ভ্রমর গুঞ্জর” নামক এক অপূর্ব্ব খোঁপা বাঁধিল, এই খোঁপার তিনটি দ্বার, এক দ্বারে গায়ক গান করিতেছে, আর এক দ্বারে ব্রাহ্মণ তপস্যা করিতেছে এবং শেষ দ্বারে নর্ত্তক নাচিতেছে, প্রতিদ্বার নানা সুগন্ধি ফুলে সাজানো,―সন্ধ্যাকালে ভ্রমরের কলরবে একটা সুদৃশ্য প্রীতি-মুখরিত পুরার মত ইহা দেখাইতে লাগিল, এবার আয়নায় খোঁপা দেখিয়া হীরা খুসী হইল।
বস্ত্রবয়ন কুশলতার নানারূপ কথা আছে। “বাঙ্গাল গাইয়া ভনি” নামক একরূপ বস্ত্রের উল্লেখ আছে (২৫৫ পৃঃ), ইহা খুব ভাল হইলেও এই শাড়ী হীরার পছন্দ হয় নাই, সে বান্দীকে ইহা বিলাইয়া দিয়াছিল―দ্বিতীয় শাড়ীর নাম “নিয়ব মেলানি” ইহার বয়ন এরূপ সূক্ষ্ম সূত্রের যে নিকটে মেলা (প্রসারিত) থাকিলেও রাতের বেলা এই শাড়ী দেখা যাইত না, কিন্তু দিনের বেলায় উহার কারুকার্য্য ও দীপ্তি জ্বলিয়া উঠিত। এই শাড়ী যখন হীরানটি পরিধান করিল, তখন “শাড়ি আর নটি গেইল মিলিয়া” অর্থাৎ নটি যে শাড়ী পরিয়াছে এরূপ বোঝা গেল না, উহা এত সূক্ষ্ম যে গায়ে মিলাইয়া গেল,―সুন্দরী বিবসনাবৎ প্রতীয়মান হইল। হায় সেই সূক্ষ্ম বয়নের দেশের কারিগরের সন্ততিরা খদ্দর দিয়া দেহের ভার দ্বিগুণ বাড়াইয়া “বাহবা” লইতেছেন!
রাজ্য-শাসনে যে প্রজাদের কতকটা হাত ছিল, তাহা এই গানে এবং ময়নসিংহ গীতিকায় পাওয়া যায়। রাজা যখন অত্যাচারী, তখন প্রজারা নিশ্চিন্ত হইয়া বসিয়া রহে নাই। মোড়লকে লইয়া পরামর্শ করিয়া তাহারা রাজাকে অভিচার দ্বারা বধ করিবার চেষ্টা পাইয়াছে। যখন রাজা গোবিন্দচন্দ্র “খেতু”র উপর শাসনভার ন্যস্ত করিয়া বনে যাইতে চাহিলেন, তখন খেতু ভয় পাইয়া রাজাকে বলিলেন, আপনি সহরে ঢেঁড়া দিয়া আমার প্রতিনিধিত্বের কথা প্রজাদিগকে জানাইয়া দিন―নতুবা তাহারা আমাকে মানিবে না, তদনুসারে ঢেঁড়া দেওয়া হইল, কিন্তু প্রজারা রাজার আদেশ অগ্রাহ্য করিল। “বান্দরিয়া রাইয়তের” মাথায় এই আদেশে “বজ্জর ভাঙ্গিয়া পৈল।” তাহারা এক বাক্যে বলিল “ওরে খেতুআ তোর আজাই মানি না”―(রে খেতু, তোর রাজত্ব আমরা স্বাকার করি না) “আমরা এই বার বৎসরের খাজনা মজুত রাখিব, রাজা ফিরিয়া আসিলে তাঁকে দিব, কিছুতেই তোমার শাসন মানিব না।” যখন খেতুয়া এই উক্তি শ্রবণ করিল, তখন―
“ষোল সের ছিল খেতু এক পোয়া হৈল।”
(খেতুর ওজন ষোল সের ছিল―সে এক পোয়া হইয়া গেল), অর্থাৎ সে এত বড়টা ছিল, এখন গৌরব হারাইয়া এতটুকু খানি হইয়া গেল।
ময়মনসিংহ গীতিকাতেও প্রজাদের এই রূপ রাজ-শক্তির সঙ্গে বিরোধ মাঝে মাঝে দৃষ্ট হয়। কিন্তু ত্রিপুরার রাজমালা পাঠ করিলে এই প্রজা-শক্তি হিন্দু শাসন সময়ে যে কত বড় ছিল, তাহার ভুরি ভুরি নিদর্শন পাওয়া যায়। সেদেশে প্রজারা মাঝে মাঝে অত্যাচারী রাজার প্রাণদণ্ড পর্য্যন্ত করিয়াছে ও নূতন রাজাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়াছে। রাজমালা একখানি বিশ্বাসযোগ্য ইতিহাস। কিন্তু যদিও গ্রাম্য কবিদের কল্পনাবিজড়িত হইয়া এই গানগুলি ইতিহাসের মর্য্যদা প্রাপ্ত হয় নাই, তথাপি সামাজিক ও রাজনৈতিক যে সকল আলেখ্য ইহাতে আছে―তাহাতে প্রাচীনকালের একটা প্রতিবিম্ব পড়িয়াছে সন্দেহ নাই। প্রজাশক্তি যে হিন্দুরাজত্বে নিতান্ত উপেক্ষিণীয় ছিল না, বারংবার প্রাচীন বঙ্গসাহিত্য হইতে আমরা তাহার নিদর্শন পাইতেছি।
এই যুগে যে সকল নারী চরিত্র আমরা দেখিতে পাই, তাহাদের কেহ কেহ মহিলাগণের আদর্শ। রমণীরা যে ব্রাহ্মণ্য যুগের সতীত্বের আদর্শ মানিয়া চলিতেন, এমন বোধ হয় না। ময়মনসিংহ গীতিকায় দেখা যায় তাঁহারা প্রায়ই নিজের পতি নির্ব্বাচন করিতেন, সকল সময়েই যে তাহদের বিবাহ হইত, তাহা নহে। কঙ্কের ভালবাসার জন্য লীলা প্রাণ দিয়াছিল, অথচ তাহাদের পরিণয় হয় নাই। সখিনা ও ভেলুয়া সুন্দরী পিতামাতার বিরুদ্ধে নিজের মনোনয়নকে প্রধাণ্য দিয়া অপূর্ব্ব প্রেমের তপস্যা দেখাইয়াছে। শোনাই ও কমলা নিজেরা নিজের বর পছন্দ করিয়া লইয়াছিল―তাহারা বিবাহ বাসরে মন্ত্রপুঃত মিলনের প্রতীক্ষা রাখে নাই। রাজবাড়ীর প্রথা অনুসারে অদুনা অনায়াসে খেতুকে স্বামীর পদে প্রতিষ্ঠিত করিয়া লইতে পারিত। ইহাদের সমাজে বিবাহ প্রথা একান্ত শিথিল ছিল। বিধবা বিবাহ প্রচলিত ছিল, রাজারা পর্য্যন্ত কন্যাদিগকে সময় সময় যৌতুক দিতেন, এবং দেবরেরা রাজ-বিয়োগে কি তাঁহার অনুপস্থিতিতে অনায়াসে রাণীদিগের কক্ষে যাতায়াত করিতেন। এই শিথিল সামাজিক প্রথার মধ্যে যে সকল মহিয়সী মহিলা একনিষ্ঠ প্রেমের দেবব্রত পালন করিয়াছেন, তঁহাদিগকে কি বলিব? যাহাকে সমাজ কড়াকড়ি করিয়া বিবাহ পীঠে বঁধে নাই, তাঁহারা একি অপূর্ব্ব বন্ধন স্বীকার করিয়া আত্মবলি দিয়াছেন; ইঁহারা দেখাইয়াছেন প্রেমের মত ধর্ম্ম নারীর আর নাই। স্বাধীনতা, মৈত্রী, আত্ম-নির্ভর প্রভৃতি যে কোন বড় বড় নীতি দেখাইয়া রমণীকে পুরুষ হইতে সরাইয়া লইয়া যাইতে চাও, তাহার কোনটিই রমণীকে সে গৌরব দিতে পরিবে না, যাহা প্রেম-সাধনা দ্বারা তিনি লাভ করিবেন। মলুয়া, মহুয়া, কমলা, শোনাই, মদিনা―আর তার পার্শ্বে এই অদুনা, ইঁহাদের প্রত্যেকে নারীকুলকে ধন্য করিয়াছেন। অবশ্য গোপীচন্দ্রের আর একশত স্ত্রী ছিলেন―তাঁহারা দেবর লইয়া ঘর করিয়াছিলেন―তাঁহাদিগকে স্বাধীনতা ও মৈত্রী মন্ত্রে দীক্ষিত করিয়া তাঁহদের সর্ব্বাঙ্গীন উন্নতি আপনারা সাধন করুন, কিন্তু অদুনা যেখানে আছেন তাঁহাকে সেই খানে থাকিতে দিন। এই সংসার সমুদ্রের দিশাহারা পান্থ,―পথভ্রষ্ট নাবিক যদি কোন আলোকস্তম্ভের উপর নির্ভর করিয়া পথ দেখিতে চায়, তবে অদুনা ও তাঁহার শ্রেণীরা সেইপথ দেখাইবেন। এই আলোকস্তম্ভ ভাঙ্গিলে দিশাহারা নাবিক অনির্দিষ্ট সমাজের অধ্রুব আদর্শের পশ্চাৎ পশ্চাৎ প্রেতলোকে পৌঁছিবে। দশটা লোক কুঠার লইয়া যাইয়া তাজমহলটি ভাঙ্গিয়া আসতে পারে, কিন্তু আর একটি গড়া সহজ নহে। এই নিরক্ষর কৃষকদের জড়িত ভাষা, প্রাকৃত শব্দ বহুল বাঙ্গলাকাব্য গুলিতে,―এই সর্ব্বপ্রকার অলঙ্কার লজ্জিত ছন্দোবন্ধ হীন অকুশলী রচনার মধ্যে আমরা অদুনার যে আলেখ্য পাইতেছি, তাহা এত দিন পরেও মলিন হয় নাই। সেকালের বাঁকমল ও মেঘ ডুম্বর শাড়ী পরিয়াছেন বলিয়া তিনি কোন অংশে বুট-পরিহিতা, গাউন বিলাসিনীদের কাছে মাথা হেঁট করিবেন না। তাঁহাকে আমরা ভগবতীর মন্দিরে তাঁহারই পাশে স্থান দিয়া পূজার অর্ঘ্য দিব। উনিশ বৎসরে রাজার মৃত্যু হইবে শুনিয়া অদুনা বলিতেছেন, তিনি যমকে পূজা করিয়া স্বামীর আয়ু বাড়াইয়া লইবেন, যমকে যে উপায়ে তিনি বশীভূত করিতে চাহিতেছেন তাহা সাবিত্রীর তপস্যা হইতেও বড় তপস্যা―
“নানা উপহারে আমরা যমকে পূজা দিব।
মস্তকের চুল কাটিয়া চামর ঢুলাইব।
জিহ্বা কাটিয়া আমরা সলতে পাকাইব।
পৃষ্ঠের চর্ম্মকাটি আমরা চাঁদোয়া টাঙ্গাইব।
দশ নখ কাটিয়া মোরা দশ বাতি দিব॥
পায়ের মালই কাটিয়া মোরা প্রদীপ জ্বালাব।
নানান পুষ্পজলে যমের সেবায় মানাব।
সেবায় মানিয়া আমরা স্বামী বর লিব।
ভারতবর্ষে রমণীর প্রেম কখনই উপন্যাসী অ্যামোদ-প্রমোদ নাহে―ইহা চিরকালই তপস্যা, আত্মোৎসর্গ ও সাধনা।
উপসংহারে আমি অন্যতম সম্পাদকদ্বয়―বিশ্বেশ্বর বাবু ও বসন্ত বাবু সম্বন্ধে কয়েকটি কথা বলিব। মুন্সী আবদুল করিমের টীকা টিপন্নী সহিত প্রদত্ত গানটি যে আমাদের বিশেষ উপকারে লাগিয়াছে, তাহা পূর্ব্বেই বলা হইয়াছে। বিশ্বেশ্বর বাবু গোপীচন্দের গানের যে পাঠটি রংপুর নীলফামারি হইতে সংগ্রহ করিয়াছেন, তাহা অতি বিস্তৃত ও মূল্যবান। তিনি আজ ষোল সতের বৎসর যাবৎ একান্ত নিঃস্বার্থ ভাবে এই গানের জন্য খাটিয়াছেন―কোন পুরস্কারের আশা করেন নাই। তাঁহার এই মহার্ঘ-বহু-পরিশ্রমের ফল তিনি কোন প্রত্যাশা না রাখিয়া বিশ্ববিদ্যালয়ের হাতে দিয়াছেন। যে কল্পতরুমূলে বঙ্গভাষার সাধনা চলিতেছে সেই মহামান্য স্যার আশুতোষের পরিচালিত বিদ্যাপীঠে তিনি তাঁহার জীবনের এক তৃতীয় ভাগের যত্ন ও শ্রমের ফল অর্পণ করিয়া সন্তুষ্ট হইয়াছেন। তাঁহার এই মহাদানের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হইতে তাঁহাকে কৃতজ্ঞতা জানাইতেছি।
বসন্ত রঞ্জন রায় মহাশয় আমাদের ঘরের লোক; তিনি এই গানের ভাষাতত্ত্ব লইয়া যতটা খাঁটীয়াছেন, তাহা আমাদের প্রাপ্য হইলেও আমরা তাঁহার প্রাণান্ত পরিশ্রমের গৌরব স্বীকার করিতে বাধ্য। আমি বঙ্গসাহিত্য পরিচয়ের একটা শব্দসূচী দিয়াছি, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় কবিকঙ্কণের শব্দসূচী সঙ্কলন করিতেছেন, আমরা উভয়েই বিশ্ববিদ্যালয় হইতে সাহায্যকারী পণ্ডিত নিযুক্ত করাইয়া পরিশ্রমের ভার লাঘব করিয়া লইয়াছি; কিন্তু বসন্ত বাবু এই গ্রন্থের পরিশিষ্টে ভাষাতত্ত্বের যে গুরুতর আলোচনা করিয়াছেন এবং ইহার যে বিরাট-শব্দসূচী প্রস্তুত করিয়াছেন, তাহা সমস্তই একক করিয়াছেন, তিনি পরিশ্রমী এবং লাজুক প্রকৃতির লোক সুতরাং প্রাণান্ত শ্রম স্বীকার করিয়াও বিশ্ববিদ্যালয় হইতে কোন পণ্ডিতের সাহায্য ভিক্ষা করেন নাই। অবশ্য বিশ্ববিদ্যালয়ে এম. এ. ক্লাস পড়াইবার জন্য তাঁহার দ্বারা ইহার পূর্ব্বেই শব্দার্থের একটা সূচি প্রস্তুত ছিল, তাহা না হইলে অল্প সময়ের মধ্যে এতটা কাজ দেখাইতে পারিতেন না। কিন্তু শত শ্রম করিলেও প্রথম সংস্করণ সর্ব্ব বিষয়ে নিখুঁৎ হইতে পারে না। এই অক্লান্ত শ্রমের নিদর্শন শব্দ সূচীটিও যে একেবারে সম্পূর্ণ হইয়াছে তাহা বলা যায় না, দৃষ্টান্ত স্থলে বলা যাইতে পারে, গোপীচন্দ্রের ১৫৪ পৃষ্ঠায় যে “তিতি” শব্দটি আছে, তাহা বসন্ত বাবুর শব্দসূচী হইতে বাদ পড়িয়াছে। কিন্তু এসকল অতি ক্ষুদ্র অসম্পূর্ণতা ধর্ত্তব্যের মধ্যে নহে।
শুকুর মামুদ প্রণীত যোগীর পুঁথি নামক এই গানের যে পাঠ মুদ্রিত হইল, তাহা রংপুরের প্রসিদ্ধ জমিদার শ্রীযুক্ত নলিনীমোহন রায় চৌধুরী মহাশয় আমাকে দিয়াছেন। যদিও মাত্র বাঙ্গলা ১৩১৯ সালে এই পুঁথি মুদ্রিত হইয়াছিল, তথাপি এখন ইহা একেবারে দুষ্প্রাপ্য হইয়া গিয়াছে। শুকুর মামুদ রাজসাহী জেলার রামপুর বেয়ালিয়ার ছয় মাইল উত্তর পূর্ব্বে স্থিত সিন্দুর কুসুমী গ্রামের অধিবাসী। এই পুঁথির প্রকাশক শ্রীযুক্ত মুন্সীগোলাম রছুল খোনকার। ঢাকা মিউজিয়াম হইতে শ্রীযুক্ত নলিনীক্ষান্ত ভট্টশালী মহাশয় এই দুর্ল্লভ পুঁথি প্রকাশ করিবেন বলিয়া আমাদিগকে লোভ দেখাইয়া রাখিয়াছেন, কিন্তু এপর্য্যন্ত তাহা প্রকাশ করিতে পারেন নাই। তিনি না ছাপাইলে যে এই পুঁথি আর লোকলোচনের বিষয়ীভূত হইবে তাহা হয়তঃ অনেকেরই মনে ছিল না, কিন্তু স্যর আশুতোষের আশীর্ব্বাদ ও কল্যাণে আমাদের বিশ্ববিদ্যালয় ইহার সটীক সংস্করণ প্রকাশ করিয়া ব্রাহ্মণের কার্য্য-ভার লঘু করিয়া দিলেন। আশা করি ইহাতে তিনি ক্ষুব্ধ না হইয়া বরঞ্চ আমাদের কার্য্যে প্রীতি প্রদর্শন করিবেন।
ভূমিকা
গোপীচন্দ্রের গান স্মরণাতীত কাল হইতে রংপুর জেলায় প্রচলিত। গ্রীয়ার্সন সাহেব রাজকার্য্যোপলক্ষে রংপুরে অবস্থান-কালে উহা সংগ্রহ করেন গানের বিশেষত্বএবং ১৮৭৮ খৃঃ অব্দে এসিয়াটিক সোসাইটির জার্ণালে “মাণিকচন্দ্র রাজার গান” নাম দিয়া প্রকাশ করেন। ইংরাজী জার্ণালে দেবনাগর অক্ষরে মুদ্রিত প্রাদেশিক গান সাধারণের নিকট বিশেষ পরিচয় লাভ করিয়াছিল বলিয়া মনে হয় না। “বঙ্গভাষা ও সাহিত্য” প্রণয়ন কালে শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন উহা সাধারণের গোচরীভূত করেন এবং ইহার মৌলিকত্ব ও বিশেষত্বের দিকে পাঠকের দৃষ্টি আকৃষ্ট হয়। দীনেশবাবু বলেন “এই গীতির ভাব বৌদ্ধ জগতের। অনেক স্থলেই বৌদ্ধগণের উপাস্য ধর্ম্মের উল্লেখ দৃষ্ট হয়।...মাণিকচাঁদের গান সলিলে সলিল-বিন্দুর ন্যায় প্রাচীন বঙ্গ-সাহিত্যের সঙ্গে মিশ্রিত হইয়া এক হইয়া যায় নাই, সলিলে তৈলবিন্দুর ন্যায় স্বতন্ত্র হইয়া পড়িয়া আছে। প্রাচীন বঙ্গসাহিত্য খুঁজিলেই পক্ববিম্ব, দাড়িম্ব, কদম্ব, পদ্মপলাশ, খগরাজ, তিলফুল প্রভৃতি উপমার বস্তু দেখিতে পাই। গ্রাম্যগীতগুলিও এই উপমা হইতে মুক্ত নহে,......। কিন্তু মাণিকচাঁদের গীতের রূপবর্ণনায় বৃদ্ধ ব্যাস, বাল্মীকি কি কবি কালিদাসের কোন হাত নাই। সেগুলি সংস্কৃত প্রভাব শূন্য; এবং সংস্কৃতের প্রভাবের পূর্ব্ববর্ত্তী বলিয়া বোধ হয়।......স্থলে স্থলে দু’ এককথায় ছবিটি সুন্দর আঁকা হইয়াছে, রূপের একখানি প্রতিবিম্ব ভাসিয়া উঠিয়াছে, অথচ দাড়িম্ব-কদম্বাত্মক রূপবর্ণনা হইতে তাহা সম্পূর্ণ ভিন্ন।……স্ত্রীর বাক্যে পুত্র স্নেহময়ী মাতাকে উত্তপ্ত ৮০ মণ তৈলপূর্ণ সুবৃহৎ লৌহকটাহে নিক্ষেপ করিতেছেন এবং নয় দিন ধরিয়া অগ্নিকুণ্ডের উপর মাতৃদেহবিশিষ্ট উক্ত কটাহ সংস্থাপিত রাখিতেছেন। যে হিন্দুর গৃহে গৃহে রামায়ণী ও মহাভারতীয় নীতি, সেই হিন্দুর চক্ষে এই ঘটনা বিজাতীয়,—ইহা হিন্দু জগতের বলিয়া বোধ হয় না।” পুনশ্চ—“এই গীতে নানারূপ ভীষণ, অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনার বর্ণনা আছে, তাহা আমরা আরব্যোপন্যাসের গল্পের ন্যায় পাঠ করিয়াছি। অনুবাদ-গ্রন্থগুলি ছাড়িয়া দিলেও কবিকঙ্কণ চণ্ডী হইতে ভারতের অন্নদামঙ্গল পর্য্যন্ত বাঙ্গালা কোন্ গ্রন্থে অলৌকিক ঘটনার বর্ণনা নাই? সেই সব ঘটনা হইতে মাণিকচাঁদের গীতে বর্ণিত ঘটনা ভিন্নরূপ। সেগুলির পশ্চাতে দেবশক্তি, তাই সেগুলি হিন্দুর নিজস্ব বলিয়া পরিচিত, আর ইহার পশ্চাতে শুধু মন্ত্রশক্তি……। বৌদ্ধ জগতের এই সঙ্গীত বোধ হয় এতদিনে লুপ্ত হইয়া যাইত, কিন্তু প্রক্ষিপ্ত অংশগুলিতে দেবদেবীর কথা সংযোজিত হওয়াতে ঐ গীতি ঈষৎ পরিমাণে হিন্দুত্বের আভা ধারণ করিয়াছে, এবং সেই হিন্দুত্বের আভাটুকুই বোধ হয় এই গানের পরমায়ু বৃদ্ধির কারণ।” গানটি বোধ হয় কোন কালেই সম্পূর্ণ বৌদ্ধজগতের ছিলনা, ইহা বহুকাল হিন্দুত্ব ও বৌদ্ধত্বের সংমিশ্রণে উৎপন্ন সম্প্রদায়-বিশেষের উপজীবিকা স্বরূপ হইয়া রহিয়াছে এবং ইহাই বোধ হয় গানটির পরমায়ু বৃদ্ধির প্রধান কারণ। যে সমাজে ইহা প্রচলিত সে সমাজ এখনও সংস্কৃত ও হিন্দুত্বের গণ্ডিদ্বারা আপনাকে প্রাচীনতর সমাজ হইতে সম্যক্রূপে স্বতন্ত্র করিতে পাবে নাই।
এই গ্রন্থের প্রথম খণ্ডে প্রকাশিত গান রংপুর জেলা হইতে সংগৃহীত। রংপুর জেলায় গোপীচন্দ্রের প্রাচীন গান কোথাও পুঁথিতে লিপিবদ্ধ আছে বলিয়া জানিতে পারি নাই। “যোগী” বা “জুগী” জাতীয় লোক মুখে মুখে ইহা অভ্যাস করে এবং আসরে বা ভিক্ষার সময় গোপীযন্ত্রের সাহায্যে নিজ নিজ গাথা সংগ্রহশক্তি অনুসারে উহাদ্বারা শ্রোতার মনস্তুষ্টি জন্মাইবার চেষ্টা করে। লৌহ, বংশখণ্ড ও অলাবু দ্বারা এই গোপীযন্ত্র প্রস্তুত হয়। ভগিনী নিবেদিতা দীনেশ বাবুকে বলিয়াছিলেন, এই গোপীচন্দ্রের নাম হইতেই সম্ভবতঃ ‘গোপীযন্ত্রে’র নামকরণ হইয়াছে। বৃহৎ গানের সকল অংশ সকলে আয়ত্ত করিতে পারে না; সুতরাং গায়কের সামর্থ্য, রুচি ও প্রয়োজনানুসারে ভিন্ন ভিন্ন পালার সৃষ্টি হইয়াছে। কোথাও বা গানের কোন নির্দিষ্ট পরিচ্ছদ মাত্র গীত হয়, কোথাও বা শাখা প্রশাখা কর্ত্তন করিয়া মূল কাণ্ডটি স্থির রাখিয়া যথাসম্ভব একটি সম্পূর্ণ চিত্র উপস্থিত করার প্রয়াস দেখিতে পাওয়া যায়। গ্রীয়ার্সন সাহেবের সংগৃহীত গানটি শেষোক্ত শ্রেণীর, ইহা গোপীচন্দ্রের গানের একটি সংক্ষিপ্ত সংস্করণ। বাবু শিবচন্দ্র শীল যে দুর্ল্লভ মল্লিক কৃত গোবিন্দচন্দ্রের গীত প্রকাশ করিয়াছেন, তাহাও এই গানের একটি সংক্ষিপ্ত সংস্করণ। শিব বাবু, চুঁচুড়াতে কোন বৈষ্ণবীর নিকট হইতে উহার পুঁথি প্রাপ্ত হন। দুর্ল্লভ মল্লিকের গোবিন্দচন্দ্র ও “যোগী” বা “জুগী” দিগের “গোপীচক্র” অভিন্ন ব্যক্তি। এরূপ হইতে পারে যে, নামটি বাস্তবিক গোপীচন্দ্র, গোবাচাঁদ, গোবাঁচন্দ্র, গোবিন্দচন্দ্র সকল রকমেই উচ্চারিত হইত।
দুর্ল্লভ মল্লিকের গান পুরাতন উপকরণের সাহায্যে নূতন ভাষায় রচিত, ইহাতে উপাখ্যান ভাগও কতকটা রূপান্তরিত হইয়াছে। গ্রীয়ার্সন সাহেবের সংগৃহীত গান, প্রক্ষিপ্ত অংশ বাদ দিলে, বাস্তবিকই প্রাচীন ভিত্তির উপর গ্রথিত, কিন্তু পূর্ণাঙ্গ বলিয়া মনে হয় না। বাস্তবিক মূল প্রাচীন গান কিরূপ ছিল, তাহা স্থির করা এখন বড়ই কঠিন। মুখে মুখে পুরুষপরম্পরায় চলিয়া আসায় গানের ভাষা অনেকস্থলেই পরিবর্ত্তিত হইয়া গিয়াছে এবং মূল গান যে অনেক স্থলে গ্রাম্য কবির হস্তযোজিত শাখাপল্লবে আবৃত হইয়া পুষ্ট কলেবরে পল্লীগ্রামের ভক্তি-পুষ্পাঞ্জলি গ্রহণ করিতেছে তাহা নিঃসন্দেহ।
যোগিসম্প্রদায়ের লোক প্রায়ই নিরক্ষর। সম্পূর্ণ গাথা আবৃত্তি করিতে পারে এমন “যোগী” এখন দুর্ল্লভ। রংপুর জেলার ভিন্ন স্থানীয় দুইটি বৃদ্ধ যোগীর আবৃত্তি অনুসারে দুইটি সুবিস্তৃত পাঠ এবং অপর এক যোগীর নিকট হইতে একটি আংশিক পাঠ প্রায় ১৬/১৭ বৎসর পূর্ব্বে সংগ্রহ করা হয়, এবং ১৩১৫ সালে সাহিত্য-পরিষৎ পত্রিকায় উহার পরিচয় প্রকাশিত হয়।[৫] তাহার পর বাঙ্গালা দেশের কোন কোন স্থান হইতে গোপীচন্দ্রের গানের হস্তলিখিত বা মুদ্রিত পুঁথি আবিষ্কৃত হইয়াছে। তন্মধ্যে ত্রিপুরা ও চট্টগ্রাম জেলার সংগৃহীত ভবানীদাস-বিরচিত পুঁথি এবং উত্তর বঙ্গে সংগৃহীত মুসলমান কবি সুকুর মামুদের লিখিত পুস্তক বিশেষ উল্লেখ যোগ্য। ভবানীদাসের পুঁথি গোপীচন্দ্রের পাঁচালী নামে এই গ্রন্থের দ্বিতীয় ভাগে মুদ্রিত হইল। চট্টগ্রাম হইতে মুন্সী আব্দুল করিম চারিখানি পুঁথির সাহায্যে এই পাঁচালীর একটি পাঠ স্থির করিয়া পাঠান। উহার সঙ্গে উল্লিখিত পুঁথির একখানিও ছিল; ঐ পুঁথিকে আদর্শ করিয়া এবং মুন্সী সাহেব কৃত পাঠের সহিত মিলাইয়া অন্যতম সম্পাদক শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় মহাশয় বিশেষ যত্ন পূর্ব্বক বর্ত্তমান পাঠ প্রস্তুত করিয়াছেন। সম্পাদকগণ এই অবসরে মুন্সী সাহেবকে তাঁহাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছেন। মূলের নীচে আদর্শের বর্ণবিন্যাস ও পাঠান্তরাদি প্রদত্ত হইয়াছে। আদর্শ পুঁথি তুলট কাগজে উভয় পৃষ্ঠা লেখা: আকার ১৬×৫॥ ইঞ্চ্; আদ্যন্ত খণ্ডিত, পত্র সংখ্যা ২-২৪, প্রতি পৃষ্ঠায় ৯ পঙ্ক্তি; লিপিকর ‘শ্রীছৈঅদ ওারিশ মির’ বা ‘মের’ (পৃঃ ৬, ৮।২, ১১।২, ২২।২, ২৪।২): “হোক মালিক মন গাজী সাং পাণ্ডানগর” (পৃঃ ১২।২, ২৪।২)। ক পুঁথির মালিক “শ্রীহালাল গাজী ও তিতা গাজি পরগণে খামার ফুলতলি মৌজে কমলাপুর”; সম্ভবতঃ ১২৪২ বা ১২৪৪ সালের হস্তলিপি। খ পুঁথির লিপিকাল জানা যায় নাই। গ পুঁথি ১০।১২ বৎসরের প্রতিলিপি। শেষ তিন খানি পুঁথির লেখকও মুসলমান। চারি খানি পুঁথিই চট্টগ্রাম অঞ্চল হইতে সংগৃহীত।
তৃতীয় খণ্ডে গোপীচন্দ্রের সন্ন্যাস নামে যে সুকুর মামুদ প্রণীত পুস্তক প্রকাশিত হইল, উহার এক মুদ্রিত সংস্করণ আমাদিগের হস্তগত হইয়াছে। অন্যতম সম্পাদক রায় বাহাদুর ডাঃ দীনেশচন্দ্র সেন মহাশয়ের চেষ্টায় এই দুষ্প্রাপ্য গ্রন্থ সংগৃহীত হইয়াছে।
মাতা ময়নামতীর চেষ্টা ও উদ্যোগে হাড়িপা বা জলন্দরি গুরুর শিষ্যত্বে নবীন নৃপতি গোপীচন্দ্রের যোগী বা সন্ন্যাসী হইয়া গৃহত্যাগই এই সকল কাহিনীর ভারতময় ব্যাপ্তিগাথার বর্ণনীয় বিষয়। গোপীচন্দ্র বাঙ্গালার রাজা ছিলেন। কিন্তু বাঙ্গালার বাহিরে ভারতের প্রায় সর্ব্বত্রই তাঁহার কাহিনী প্রচলিত। ৺ধর্ম্মানন্দ মহাভারতী মহাশয় তাঁহার “বঙ্গের ব্রাহ্মণ রাজবংশ” নামক পুস্তকে লিখিয়া গিয়াছেন ‘ভারতবর্ষের প্রায় সর্ব্বত্র প্রাচীন কাল হইতে গোপীচাঁদ নামক এক রাজার বিবরণ লিখিত ও কথিত হইতেছে। মহারাষ্ট্রদেশ, রাজপুতানা, অযোধ্যা, পাঞ্জাব, পশ্চিমোত্তর প্রদেশ, মধ্যভারত, মধ্যপ্রদেশ, বিহার প্রভৃতি বহুস্থানে রাজা গোপীচাঁদের কথা শুনিতে পাওয়া যায় .....অথচ বঙ্গদেশে এই রাজার নাম কেহ শুনে নাই” ইত্যাদি। মহাভারতী মহাশয়ের গ্রন্থ প্রকাশিত হওয়ার পর গোপীচন্দ্র সম্বন্ধে বঙ্গদেশে বহু আলোচনা হইয়াছে। বাঙ্গালী আজ উল্লিখিত কলঙ্ক হইতে অনেকটা মুক্ত।
ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশে গোপীচাঁদের গান প্রচলিত থাকিলেও তিনি যে বাঙ্গালাদেশের রাজা ছিলেন তাহা সর্ব্ববাদিসম্মত। উপাখ্যানাংশে বংশ বিবরণে অনৈক্য{ভিন্ন ভিন্ন স্থানের গাথায় অনেক স্থলে পার্থক্য লক্ষিত হয়। বাঙ্গালাদেশে যত গুলি গাথা আবিষ্কৃত হইয়াছে তাহার সকল গুলিরই মতে গোপীচন্দ্র মাণিকচন্দ্র রাজার ও ময়নামতীর পুত্র, ময়নামতী তিলকচাঁদের কন্যা, হরিচন্দ্র বা হরিশ্চন্দ্র রাজা গোপীচন্দ্রের শ্বশুর। হরিশ্চন্দ্রের কন্যা অদুনা ও পদুনা গোপীচাঁদের প্রধানা মহিষী; ইহা ছাড়া অন্য স্ত্রীরও অভাব ছিল না।
মহারাষ্ট্রদেশীয় গাথায় গোপীচন্দ্র ত্রৈলোক্যচন্দ্র ও মৈনাবতীর পুত্র, তিনি গৌড়-বঙ্গের রাজধানী কাঞ্চননগরে রাজত্ব করিতেন। জলন্দর গুরুর শিষ্যত্ব, তাঁহার সহিত ভারতের নানা দেশ ভ্রমণ, পরে সহস্র বৎসর রাজ্যশাসন ইত্যাদি বিবরণ লিখিত হইয়াছে।
হিন্দী উপাখ্যানমতে ভর্ত্তৃহরির ভগিনী মৈনাবতীর পুত্র গোপীচন্দ্র ও কন্যা চন্দ্রাবলী; এবং এই “চন্দ্রাবলীকা বিবাহ সিংহল দ্বীপকা রাজা উগ্রসেন সে হুআথা”। এই মতে ভর্ত্তৃহরি ও মৈনাবতী উভয়েই গোরক্ষনাথের শিষ্য।
লক্ষণদাস বিরচিত হিন্দী গাথার
[…]
— Dinesh Chandra SenBangladesh Archive Literature
Digital Archive & Original Edition
The archival scans and source pages are preserved on Wikisource / public archives.