
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
জীবনানন্দ দাশ
আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠ রূপকার ও 'রূপসী বাংলার কবি'। ধানসিঁড়ি নদী, শঙ্খচিল আর বাংলার অপার শ্যামল রূপ তার কবিতায় অনন্ত মায়া ছড়িয়ে আছে।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ - ২২ অক্টোবর ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তার কবিতায় তিনি গ্রামবাংলার নৈস্বর্গিক সৌন্দর্য ফুটিয়ে তোলেন। তিনি “রূপসী বাংলার কবি” হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন। এছাড়া কবি বুদ্ধদেব বসু তাকে "নির্জনতম কবি" এবং অন্নদাশঙ্কর রায় তাকে "শুদ্ধতম কবি" বলে অভিহিত করেন। জীবদ্দশায় তার কবিতা ‘দুর্বোধ্য’ হিসেবে বিবেচিত হলেও মৃত্যুর পর থেকে বিংশ শতাব্দীর শেষভাগে তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ১৯৯৯ সালের দিকে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন।
তার কবিতায় বাংলার চিরন্তন প্রকৃতি—হিজল, তমাল, ধানসিঁড়ি নদী, বুনোহাঁস এবং কুয়াশামাখা সন্ধ্যার অপরূপ সংবেদনশীল চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে। তার 'বনলতা সেন' বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবিতা হিসেবে সমাদৃত।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে ২২ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবনানন্দ দাশের কবিতার বিশিষ্ট অনুবাদক জো উইন্টারের মতে, "নিজস্ব বোধ, মনন ও ভাষার নতুনত্বে রবীন্দ্রনাথের ছায়া থেকে বেরিয়ে আসায় জীবনানন্দ সর্বতোভাবে সফল: তার ব্যক্তিত্ব গড়ে দিয়েছিল, তার কাব্যভাষাকে গঠন করে দিয়েছিল। সময়ের অভিযাত্রায় নানা চড়াই-উতরাই পার হতে হয়েছে জীবনানন্দকে। অনেক টানাপোড়েন সয়ে নিতে হয়েছে। দুর্বোধ্যতার অভিযোগ শুনতে হয়েছে আমৃত্যু। কিন্তু সবকিছু উপেক্ষা করে তিনি স্বীয় কাব্যভাষার প্রতি অনুগত থেকেছেন। কবি জীবনানন্দ দাশ সারা বিশ্বেই গুরুত্বপূর্ণ।"
জীবনানন্দ দাশ মূলত কবি হলেও প্রায় শতাধিক প্রবন্ধ ও নিবন্ধসহ বেশকিছু ছোটগল্প, বড় গল্প ও উপন্যাস রচনা করেছেন। মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৮টি ছোটগল্প রচনা করলেও জীবদ্দশায় সেগুলোর একটিও প্রকাশ করেননি। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা এবং শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। তার জনপ্রিয় কবিতার মধ্যে রয়েছে বনলতা সেন, আট বছর আগের একদিন, হায় চিল, বোধ, রাত্রি, আবার আসিব ফিরে, বাংলার মুখ আমি দেখিয়াছি ইত্যাদি। এগুলোর মধ্যে বনলতা সেন কবিতা এবং রূপসী বাংলা কাব্যগ্রন্থ তার সবচেয়ে আলোচিত ও প্রশংসিত কাজ হিসেবে পরিচিত।
তিনি ১৯৫৩ সালে বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন হতে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৫৫ সালে তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকার কর্তৃক মরণোত্তর সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়। এরপর থেকে তার জীবন ও কর্ম বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সাহিত্য সমালোচনা, প্রাতিষ্ঠানিক গবেষণা, অনুবাদ, প্রামাণ্যচিত্র, সঙ্গীত এবং চলচ্চিত্র রূপান্তরের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠে।