কবিতা১৮৬৬
কপোতাক্ষ নদ (চতুর্দশপদী সনেট)
মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা ভাষার প্রথম ও সর্বকালের শ্রেষ্ঠ দেশপ্রেমমূলক সনেট। সুদূর ফ্রান্সে অবস্থানকালে যশোরের কপোতাক্ষ নদের স্মরণে অশ্রুসজল বন্দনা। সম্পূর্ণ পাঠ।
✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|প্রামাণ্য পাঠ
এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
সতত তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-ধ্বনি) তব কলকল-রোলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ-স্রোতো রূপী তুমি জন্মভূমি-স্তনে!
আর কি হে হবে দেখা?—যত দিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারি-রূপ কর তুমি; এ মিনতি গাবে
বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে?
— মাইকেল মধুসূদন দত্ত (১৮৬৬)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন