বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
লেখকের পাতায় ফিরুন
কবিতা১৮৯৪

সোনার তরী

পদ্মার বর্ষাকালের চরে ধান কেটে অপেক্ষারত কৃষকের রূপকে মানবজীবনের মহাকাব্যিক উপলব্ধি। সৃষ্টি থাকে, কিন্তু স্রষ্টার সেখানে স্থান হয় না।

✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|সোনার তরী (১৮৯৪), শিলাইদহ

এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।

উৎস লিঙ্ক
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা— কাটিতে কাটিতে ধান এল বরষা। একখানি ছোটো খেত, আমি একেলা, চারিদকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরুচ্ছায়ামসী-মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা— এপারেতে ছোটো খেত, আমি একেলা। গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দু-ধারে— দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরী কূলেতে এসে। যেয়ো যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কূলেতে এসে। যত চাও তত লও তরণী-পরে। আর আছে? আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে— এখন আমারে লহো করুণা করে। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী আমারি সোনায় গিয়েছে ভরি। শ্রাবণগগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি— যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
— রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৪)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন

মূল ডিজিটাল সংরক্ষণাগার ও সংস্করণ

উইকিসংকলন বা প্রামাণ্য ডিজিটাল লাইব্রেরিতে এই গ্রন্থের মূল ঐতিহাসিক পাতা সংরক্ষিত রয়েছে।

উইকিসংকলনে দেখুন