
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
বেগম রোকেয়া
বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, সমাজসংস্কারক ও কালজয়ী চিন্তাবিদ। ইংরেজি ও বাংলায় রচিত তার 'সুলতানার স্বপ্ন' ও 'মতিচূর' বিশ্ব নারীবাদের অগ্রগণ্য দলিল।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ – ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে বিবেচনা করা হয়। ২০০৪ সালে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনি ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবনশীলতা, যুক্তিবাদিতা ও কৌতুকপ্রিয়তা তাঁর রচনার সহজাত বৈশিষ্ট্য। তাঁর প্রবন্ধের বিষয়বৈচিত্র্য ছিল ব্যাপক। বিজ্ঞান সম্পর্কেও তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমতার পক্ষে যুক্তি তুলে ধরে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ-বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
কঠোর পর্দা প্রথার অন্তরালে বড় হলেও ভাই ইব্রাহীম সাবের ও স্বামীর অনুপ্রেরণায় তিনি বাংলা ও ইংরেজি ভাষা আয়ত্ত করেন। ১৯০৫ সালে রচিত তার নারীবাদী ইউটোপীয় সায়েন্স ফিকশন 'Sultana's Dream' বিশ্বসাহিত্যের এক অনন্য বিস্ময়।