কবিতা১৯৫৭
আবার আসিব ফিরে (ধানসিঁড়িটির তীরে এই বাংলায়)
রূপসী বাংলা কাব্যের অমর দেশাত্মবোধক পুনর্জন্মের কবিতা। শঙ্খচিল বা শালিখের বেশে বাংলার নদী-মাঠ-কুয়াশার কোলে বারবার ফিরে আসার আকুতি। সম্পূর্ণ পাঠ।
✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|প্রামাণ্য পাঠ
এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়
হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হব—কিশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে—
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে—
— জীবনানন্দ দাশ (১৯৫৭)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন