বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
লেখকের পাতায় ফিরুন
কবিতা১৯৪২

বনলতা সেন (হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি)

আধুনিক বাংলা কবিতার সর্বশ্রেষ্ঠ রোমান্টিক সৃষ্টি। সিংহল সমুদ্র থেকে মালয় সাগর ঘুরে নাটোরের বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখের সন্ধান। সম্পূর্ণ পাঠ।

✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|প্রামাণ্য পাঠ

এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।

আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরিয়া আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেথা আমি ছিলাম; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, "এতদিন কোথায় ছিলেন?" পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল; সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
— জীবনানন্দ দাশ (১৯৪২)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন