কবিতা১৯৪২
বনলতা সেন
হাজার বছর ধরে পথহাঁটা ক্লান্ত মানুষের হৃদয়ে শান্তির নীড় নাটোরের বনলতা সেন। বাংলা সাহিত্যের সর্বাধিক আলোচিত রোমান্টিক ও পরাবাস্তব কবিতা।
✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|কবিতা (পত্রিকা) ও বনলতা সেন কাব্যগ্রন্থ
এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
— জীবনানন্দ দাশ (১৯৪২)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন
মূল ডিজিটাল সংরক্ষণাগার ও সংস্করণ
উইকিসংকলন বা প্রামাণ্য ডিজিটাল লাইব্রেরিতে এই গ্রন্থের মূল ঐতিহাসিক পাতা সংরক্ষিত রয়েছে।