
চিত্রসূত্র: Wikimedia Commons / CC-BY-SA
শামসুর রাহমান
বাংলাদেশের প্রধান আধুনিক নাগরিক কবি। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' ও 'আসাদের শার্ট' কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাঙালির মুক্তির তীব্র আকাঙ্ক্ষা।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬)কে বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মনে করা হয়। জীবদ্দশাতেই তাকে 'দেশের প্রধান কবি' হিসেবে মর্যাদা দিয়েছিলো একটি পত্রিকা। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।
তার কবিতায় আধুনিক নাগরিক মননের জটিলতা, একাকিত্বের পাশাপাশি বাঙালির রাজনৈতিক জাগরণ ও অধিকারের সংগ্রাম তীব্র রূপ পেয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অবরুদ্ধ ঢাকায় বসে তিনি ছদ্মনামে রচনা করেন অবিস্মরণীয় কবিতা 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা'।